জিলাপি, বেগুনিতে বিষাক্ত রং মরিচে ইটের গুঁড়া
পবিত্র রমজান উপলক্ষে ফরিদপুরের হাট-বাজারগুলোয় ভেজাল খাদ্যসামগ্রী ও মসলা সরবরাহ করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই অপতৎপরতা চালাচ্ছেন। দুধ থেকে শুরু করে তেল, ডাল, হলুদ, মরিচ, জিরাসহ বিভিন্ন মসলা ভেজাল করা হচ্ছে। একই সঙ্গে ইফতারির উপকরণ জিলাপি, পেঁয়াজি ও বেগুনিতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং।১০ আগস্ট ফরিদপুর শহরের থানা রোড এলাকার দুধের বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। তিনি জানান, আদালতের উপস্থিতি টের পেয়ে বাজারের ছয়জন দুধ বিক্রেতা তাঁদের দুধ ফেলে পালিয়ে যান। পরে ভেজাল মেশানো ২০ লিটার দুধ জব্দ করে নালায় ফেলে দেওয়া হয়। তিনি আরও জানান, দুধে ভেজাল হিসেবে পানি মেশানো হয়। নষ্ট না হওয়ার জন্য দুধে ফরমালিনও মেশানো হয়।নাম প্রকাশ না করার শর্তে ফরিদপুর শহরের চকবাজারের এক ব্যবসায়ী জানান, পোস্তদানার মধ্যে সুজি, তেজপাতার মধ্যে গাবের পাতা, মুগ ডালে মাসকলাই, ছোলায় ডাবরি, সয়াবিনে পাম অয়েল মেশানো হয়। জিরার মধ্যে ভেজাল হিসেবে দেওয়া হয় শৈলপা। রমজান মাসে সবচেয়ে বেশি ভেজাল মেশানো হয় বেসনে। ছোলার ডালের বদলে খেসারির ডালের গুঁড়া বেসন হিসেবে চালানো হয়।শরীয়তুল্লাহ বাজারের রিয়া বেকারির মালিক মিলন সর্দার জানান, শাহি জিলাপি, পেঁয়াজি, বেগুনিতে কোনো কোনো ব্যবসায়ী জাফ রং-জাতীয় রং মেশান। তবে তাঁর দাবি, ‘আমাদের এখানে সব দ্রব্যই ভেজালমুক্ত।’ফরিদপুরের শরীয়তুল্লাহ বাজারের গরুর মাংস বিক্রেতা মো. হোসেন জানান, অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া মহিষের মাংস গরুর মাংস বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আর বকরি ও ভেড়া জবাই করে খাসির মাংস বলে চালিয়ে দেওয়া হচ্ছে।ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার আনোয়ার বাবুর্চি জানান, হলুদের গুঁড়ায় ভেজাল হিসেবে আটা ও ময়দা মেশানো হয়। শুকনা মরিচের গুঁড়ার সঙ্গে মেশানো হয় ইটের গুঁড়া। দারচিনিতে মেশানো হয় গাছের বাকল।জেলা ভেজালবিরোধী টাস্কফোর্সের সদস্য কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জানান, ভেজাল পরীক্ষার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। সেগুলো থাকলে ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করা যেত।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘প্রশাসনের উদ্যোগে ভেজালবিরোধী অভিযান চলছে। আমরা এ অভিযানে নেমে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখেও পড়েছি। তার পরও আমরা পিছপা হইনি। প্রতিদিন জেলার বিভিন্ন বাজারে এক বা একাধিক ভেজালবিরোধী দল অভিযান পরিচালনার কাজ করছে।’