সিলেটে হোটেল-রেস্তোরাঁয় জিলাপি তৈরিতে অবাধে বিষাক্ত রাসায়নিক দিয়ে তৈরি ‘বাসন্তি রং’ ব্যবহার করা হচ্ছে। এ রং ব্যবহার করা জিলাপি সাধারণ জিলাপির চেয়ে কয়েক গুণ বেশি উজ্জ্বল দেখায়। জিলাপি ছাড়াও সিলেটের বিভিন্ন স্থানে ভেজাল সেমাই, চানাচুরসহ বিভিন্ন খাদ্য এবং হলুদ ও মরিচসহ বিভিন্ন মসলা বিক্রি করা হচ্ছে।সরেজমিনে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, সুবিদবাজার, পাঠানটোলা, আখালিয়া, চৌহাট্টাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইফতারসামগ্রী বিক্রয় করে এমন অধিকাংশ রেস্তোরাঁর কারিগরেরা জিলাপি তৈরিতে রাসায়নিক সোডার পাশাপাশি ময়দার সঙ্গে বাসন্তি রং ব্যবহার করছেন।কারিগরেরা জানান, সোডা মেশানোয় জিলাপি ফুলে-ফেঁপে সুন্দর আকার ধারণ করছে। অন্যদিকে কাঠ পলিস করার কাজে ব্যবহূত বাসন্তি রং মেশানোর কারণে জিলাপি উজ্জ্বল ও আকর্ষণীয় দেখায়।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক আখতারুল ইসলাম জানান, বাসন্তি রং শরীরের জন্য ক্ষতিকর। এ রং মিশিয়ে যে খাদ্যসামগ্রী তৈরি করা হয়, তা খেলে কিডনিতে সমস্যা দেখা দিতে পারে।সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সৌমিত্র রায় বলেন, বাসন্তি রং পেটে গেলে যকৃৎ ও কিডনিতে সমস্যার সৃষ্টি হবে। কারণ, এ রঙে ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, জিলাপি ছাড়াও মিষ্টিজাত বিভিন্ন সামগ্রীতে সোডাসহ নানা রকম বিষাক্ত রাসায়নিক দিয়ে তৈরি রং ব্যবহার করছেন ব্যবসায়ীরা। এসব রং নগরের মহাজনপট্টি, বন্দরবাজার, কালীঘাট, শাহপরাণ গেটসহ বিভিন্ন এলাকার মুদির দোকানগুলোয় অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে।গতকাল মঙ্গলবার বন্দরবাজার এলাকার ‘জননী ভান্ডার’ নামের একটি মুদির দোকানে গিয়ে অনেকটা প্রকাশ্যে বাসন্তি রং বিক্রি করতে দেখা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে ওই দোকানের ক্যাশিয়ার কোনো কথা বলতে রাজি হননি।নগরবাসীর অভিযোগ, হাতেগোনা কয়েকটি এলাকা ছাড়া ভ্রাম্যমাণ আদালত সব এলাকায় অভিযান চালাচ্ছেন না। এতে খাদ্যে ভেজাল দিয়েও অসাধু ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।নগরের সোবহানীঘাট, সাগরদীঘির পাড়, চালিবন্দর, জেল রোড, কালীঘাট, কাজির বাজার, মেন্দিবাগ, বোরহানউদ্দিন রোড এবং শহরতলির খাদিমনগরের বিসিক শিল্প এলাকা, কদমতলীসহ বিভিন্ন এলাকায় মসলা, বিস্কুট ও চানাচুর তৈরির সহস্রাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় ভেজাল সেমাই, নুডলস, বিস্কুট, মসলা, চানাচুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে এসব কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক জানান, কিছু কারখানায় তুষ আর চালের গুঁড়ার সঙ্গে নানা ধরনের রং মিশিয়ে মরিচ, হলুদ ও ধনিয়ার গুঁড়া প্যাকেট করা হয়। মোড়কের ওপর ‘লাবণী’, ‘সুরমা’, ‘কাকলী’, ‘মায়ের দোয়া’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা এসব মসলা বাজারজাত করা হচ্ছে। এ ছাড়া মুড়ি তৈরিতে ইউরিয়া সার এবং চানাচুর তৈরিতে নষ্ট ডাল ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে। শিবগঞ্জ এলাকার বাসিন্দা শাহীন আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রমজানে ইফতার ও অন্য খাদ্যসামগ্রী অবাধে ভেজাল করা হচ্ছে। আপেল, খেজুরসহ বিভিন্ন ফলে বিষাক্ত রাসায়নিক এবং মাছে ফরমালিন দেওয়া হচ্ছে। এগুলোই আমাদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নির্বিকার থাকায় নগরবাসীকে খেসারত দিতে হচ্ছে।’নগরবাসীর অভিযোগ, নগরের সব কটি দোকানে বিষাক্ত রং মিশিয়ে ইফতারসামগ্রী তৈরি করা হচ্ছে। এসব খেয়ে লোকজন ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।সিলেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্পণা বৈদ্য জানান, ভেজাল খাবার প্রস্তুতকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত রমজান মাসে বিশেষ নজরদারি রেখে অভিযান চালাচ্ছেন। বিসিক শিল্প এলাকায় অবস্থিত কারখানাগুলোয় শিগগির ভেজালবিরোধী অভিযান চালানো হবে।সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম বলেন, রমজানের আগে ও পরে ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। ভেজালদ্রব্য যাতে তৈরি করা না হয়, এ জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযানও পরিচালিত হচ্ছে।