প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছিলেন অহিংস ও ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা সে সময় নেতৃত্বে গতি সঞ্চার করে। তাঁর মৃত্যুতে জাতি বর্ষীয়ান এক রাজনীতিবিদ ও অভিভাবককে হারিয়েছে। আর ভৈরববাসী হারিয়েছে ঘরের ছেলে। গতকাল বৃহস্পতিবার তাঁর স্মরণে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহরে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।গতকাল বিকেলে স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে ভৈরব উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, সহসভাপতি সিরাজ উদ্দিন, মির্জা সুলায়মান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশতাক আহমেদ, শহর আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, যুবলীগের সভাপতি উমর ফারুক, মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে জিল্লুর রহমানের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল হয়।