জিল্লুর রহমান সিদ্দিকীর দাফন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীকে আগামীকাল বৃহস্পতিবার বনানী কবরস্থানে দাফন করা হবে। আজ বুধবার তাঁর পারিবারিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় বনানীতে নিজ বাসায় জিল্লুর রহমান শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তাঁর মরদেহ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
প্রখ্যাত এই শিক্ষাবিদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
জিল্লুর রহমানের ছেলে শাকিল আখতার আজ বিকেলে প্রথম আলোকে জানান, কাল সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত ছাত্র-শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাখা হবে। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত অধ্যাপকের মরদেহ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
শাকিল আখতার আরও বলেন, আত্মীয়স্বজন ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা গুলশান মসজিদে জিল্লুর রহমানের তৃতীয় জানাজা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে পারিবারিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত গুলশানে জানাজা হলে বাদ আসর এবং জানাজা না হলে বাদ জোহর মরদেহ দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, অধ্যাপক জিল্লুর রহমানের বড় ছেলে দাউদ আফজাল আপাতত দেশে আসছেন না। তিনি যুক্তরাষ্ট্রের মিসৌরির ট্রুম্যান স্টেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ছোট ছেলে ফারহাত আনোয়ার মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। আজ রাতে তাঁর দেশে ফেরার কথা।

এ দিকে আজ দিনভর আত্মীয়স্বজন ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক আনিসুজ্জামান, বদরুদ্দীন উমর, অধ্যাপক আমান উল্লাহ আহমেদসহ আরও অনেকে জিল্লুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাঁর বনানীর বাসায় যান।

শোক প্রকাশ: অধ্যাপক জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জিল্লুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধ, মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ। তিনি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিপুল অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন শিক্ষাবিদকে হারাল। শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য জাতি তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ। এ ছাড়াও শোক প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণফোরাম, বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল), আইন ও সালিশ কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চসহ বিভিন্ন সংগঠন।