জিল্লুর রহমানের প্রতি বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন
বঙ্গভবনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধিরা।গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে হাজি আসমত কলেজ মাঠে প্রথম জানাজার পর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ বঙ্গভবনে নিয়ে আসা হয়।এরপর দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বিদেশি প্রতিনিধিরা দরবার হলে রাখা জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।ভারতের জ্বালানিবিষয়ক মন্ত্রী ফারুক আবদুল্লাহ, তুরস্কের শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী ফারুক সেলিক, মালয়েশিয়ার সিনেটের প্রেসিডেন্ট তানুশ্রী আবু জাহের, শ্রীলঙ্কার নগর উন্নয়নমন্ত্রী এ এইচ এম ফওজি, সিঙ্গাপুরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যাসাগোস জুলকিফলি এবং মালদ্বীপের ধর্মমন্ত্রী শাহিম আলী সাঈদ নিজ নিজ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা শোকবইতে স্বাক্ষর করেন।বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরুর আগে অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে পৌঁছান।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের একপর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে এখনো শোকবার্তা ও চিঠি আসছে।