জিল্লুর রহমানের শূন্যতা পূরণে অনেক দিন অপেক্ষা করতে হবে
সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছিলেন একজন আপাদমস্তক রাজনীতিবিদ, গণতান্ত্রিক, নিরহংকার ভদ্রলোক এবং যোগ্য সংগঠক। তাঁর শূন্যতা পূরণ হতে জাতিকে অনেক দিন অপেক্ষা করতে হবে। গতকাল শনিবার মো. জিল্লুর রহমান স্মরণে আয়োজিত শোকসভা এবং মুক্তিযুদ্ধে তাঁর অবদানবিষয়ক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। মুক্তিযোদ্ধাসহ সভার অতিথি ও আলোচকেরা প্রায় দুই শ শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জাতীয় জাদুঘরের আয়োজনে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন জাতীয় জাদুঘরের প্রধান পৃষ্ঠপোষক। সভার আলোচকেরা প্রয়াত রাষ্ট্রপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা বর্ণনা করেন।সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী। জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় মেজর জেনারেল (অব.) এম মাসুদুর রহমান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ারুল আলম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, সাংবাদিক হারুন হাবিব প্রমুখ আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। আলোচনা সভায় ১১টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা আলোচক ও অতিথিদের কাছে মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং আলোচকেরা এর জবাব দেন। অনুষ্ঠান শেষে গত বছরের ১৮ মে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জাদুঘরে মুক্তিযুদ্ধবিষয়ক যে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ উদ্বোধন করেছিলেন, শিক্ষার্থীদের তা দেখানো হয়। বিজ্ঞপ্তি।