জিসিএমের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনচেষ্টার প্রতিবাদে যুক্তরাজ্যভিত্তিক মাইনিং কোম্পানি জিসিএমের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ হয়েছে। গতকাল শুক্রবার পশ্চিম লন্ডনের হ্যামিলটন প্যালেসে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা চলাকালে এ বিক্ষোভ হয়।
বাংলাদেশ তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির যুক্তরাজ্য শাখার ডাকে ফুলবাড়ী সলিডারিটি কমিটি, লন্ডন মাইনিং নেটওয়ার্ক ও যুক্তরাজ্য সোশ্যালিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভাস্থলের বাইরে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা জিসিএমের বিরুদ্ধে নানা স্লোগান-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
জিসিএমকে একটি অফিস-সর্বস্ব কোম্পানি আখ্যা দিয়ে বিক্ষোভকারীরা বলেন, ২০০৬ সালে সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে ফুলবাড়ী থেকে বিতাড়িত হওয়া এশিয়া এনার্জি এখন নাম পরিবর্তন করে জিসিএম নামে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। তাঁরা বলেন, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্বতিতে কয়লা উত্তোলন করা হলে প্রায় ১ লাখ ৩০ হাজার পরিবার বাস্তুহারা হবে। ধ্বংস হবে ১৪ হাজার ৬০০ হেক্টর কৃষিজমি, যার নেতিবাচক প্রভাব থেকে রেহাই পাবে না জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও সুন্দরবন।
বিক্ষোভকারীদের একজন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে না। কিন্তু জিসিএম নানাভাবে সরকারের সঙ্গে কয়লা উত্তোলন চুক্তির পাঁয়তারা অব্যাহত রেখেছে। এই কোম্পানির কয়লা উত্তোলনের কোনো অভিজ্ঞতা নেই।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি যুক্তরাজ্য শাখার আহ্বায়ক মুখলিসুর রহমান, সদস্যসচিব আক্তার সোবহান মাসরুর, ওয়ার্কার্স পার্টির সম্পাদক ইসহাক কাজল প্রমুখ।