জিসিএমের ৫০ কোটি টাকার বিনিয়োগ বিফলে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) বা আগের এশিয়া এনার্জির ৪৬ লাখ ৯৩ হাজার পাউন্ড বা প্রায় ৫০ কোটি টাকার বিনিয়োগ হঠাৎ ‘নাই’ হয়ে গেছে।২০০৭ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটি বাংলাদেশে পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্সধারী কোম্পানি পিপলসটেল টেলিকমে বিনিয়োগ করে। বিনিময়ে কোম্পানির ৩৭ শতাংশের মালিকানা পায় জিসিএম।কিন্তু গত সপ্তাহে অবৈধ বৈদেশিক কল আদান-প্রদানের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পিপলসটেলের লাইসেন্স বাতিল করে দিয়েছে। এতে করে লন্ডনভিত্তিক খনি কোম্পানি জিসিএমের পুরো অর্থই মন্দ বিনিয়োগে পরিণত হয়েছে।লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগ বাজারে (এআইএম) তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জকে জানানোর নিয়ম রয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে লন্ডনে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ই-মেইল পাঠানো হলেও জিসিএমের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।জিসিএম বিষয়টি বাংলাদেশেও বিনিয়োগ বোর্ড এবং বিটিআরসিকে জানায়নি। পিপলসটেলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বিটিআরসির নেওয়া পদক্ষেপের বিষয়ে হাইকোর্টে কোম্পানির পক্ষ থেকে একটি রিট করা হয়েছে। এর বেশি কিছু তারা বলতে অস্বীকৃতি জানায়।২০০৯ সালের বার্ষিক প্রতিবেদনে জিসিএম পিপলসটেলে তাদের বিনিয়োগের বিষয়টি প্রকাশ করেছিল। তবে সম্প্রতি প্রকাশিত কোম্পানির অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য আর রাখা হয়নি। তবে বলা হয়েছে, অতালিকাভুক্ত একটি কোম্পানিতে তাদের ৪৬ লাখ ৮৩ হাজার পাউন্ড বিনিয়োগ আছে। একইভাবে পিপলসটেলের ওয়েবসাইট থেকেও জিসিএমের বিনিয়োগের তথ্য সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে।জানা গেছে, ২০০৭ সালের জানুয়ারি মাসে এশিয়া এনার্জি প্রায় ৩৫ কোটি টাকা দিয়ে পিপলসটেলের সাড়ে ২৬ শতাংশ শেয়ার কিনে নেয়। কোম্পানির ২০০৭ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের টেলিকম বাজারের গুরুত্বপূর্ণ অংশীদার পিপলসটেল ফুলবাড়ী কয়লা প্রকল্পের আশপাশে উন্নত ও সম্প্রসারিত টেলিযোগাযোগ-ব্যবস্থা গড়ে তোলার জন্য ভূমিকা রাখছে।জিসিএম বা সাবেক এশিয়া এনার্জি যখন পিপলসটেলে প্রথম বিনিয়োগ করে, তখন তাদের ঢাকায় ব্যবসা করার লাইসেন্স ছিল না। তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের শুরুতে পিএসটিএন লাইসেন্সধারী সব কোম্পানিকে ঢাকাসহ সারা দেশে কার্যক্রম পরিচালনায় অনুমতি দেয়। ২০০৮ সালের মার্চে পিপলসটেল ঢাকায় লাইসেন্স পেলে জিসিএম পুনরায় ২০ লাখ ব্রিটিশ পাউন্ড বা স্থানীয় মুদ্রায় ২১ কোটি টাকা বিনিয়োগ করে। এতে তাদের মালিকানা দাঁড়ায় প্রায় ৩৭ শতাংশ।যৌথ মূলধনী কোম্পানি এবং ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর সূত্রে জানা গেছে, একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসেবে এশিয়া এনার্জির মূল কোম্পানি জিসিএমের শেয়ারই পিপলসটেলে বেশি, যদিও কোম্পানির পরিচালনা পর্ষদে তাদের নাম নেই।প্রসঙ্গত, জিসিএম মূলত লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি। প্রতিষ্ঠানটি এশিয়া এনার্জি নামে ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান কোম্পানি বিএইচপির বাংলাদেশের কার্যক্রম কিনে নেয়। ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে সংস্থাটি স্থানীয় কার্যালয় ঘেরাও কর্মসূচিতে প্রাণহানির পর এশিয়া এনার্জি আন্তর্জাতিকভাবে নাম পরিবর্তন করে জিসিএম রাখে।