জিহাদ উদ্ধারে ব্যর্থদের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেছেন, অদ্ভুত এ দেশ আর অদ্ভুত এ সরকার। জিহাদকে উদ্ধার করতে না পেরেও তারা কৃতিত্ব নিতে চায়। অথচ দুঃখ প্রকাশ করে না।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘শিশু জিহাদের করুণ মৃত্যুতে শোক এবং উদ্ধারকারী তরুণদের সম্মাননা’ সভায় শাহদীন মালিক এসব কথা বলেন। অনুষ্ঠানে জিহাদের উদ্ধারকারী শাহ মো. আবদুল্লাহ, শফিকুল ইসলাম ও সুজন দাসকে সংবর্ধনা দেওয়া হয়।
সভায় বক্তারা জিহাদকে উদ্ধারে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন। তাঁরা উদ্ধারকারী বাহিনীকে শিশু জিহাদের উদ্ধারকারী তরুণদের কাছে প্রশিক্ষণ নিতে বলেন।
সভার সভাপতি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, একটি খোলা পাইপ রেখে দেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তায় সরকার কতটা উদাসীন তা জিহাদের এই ঘটনা প্রমাণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘জিহাদের মৃত্যুর সঙ্গে আমরা আমাদের রাষ্ট্রের মৃত্যু দেখেছি। একই সঙ্গে সততা ও সক্ষমতার মৃত্যু দেখেছি। এর প্রধান নায়ক অথর্ব অক্ষম এ সরকার। এর পরেও সাধারণ মানুষের উদ্দীপনা আমাদের উদ্দীপ্ত করে এবং আমরা একটি সক্ষম সরকারের স্বপ্ন দেখি।’
অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।