জিহাদ হত্যা মামলার ছয় আসামি চার দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জে মুক্তিপণের দাবিতে অপহরণের পর শিশু জিহাদকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার ঘটনায় ছয় আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানীর আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। তবে আসামিদের মধ্যে চারজন আদালতে জিহাদ হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। শুনানির সময় রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট পুলিশের উপপরিদর্শক (সিএসআই) সাইফুল ইসলাম ও বাদীপক্ষে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আইনজীবী রতন কান্তি ধর। এদিকে আসামিপক্ষে ছিলেন জেলা আইনজীবী সমিতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ ছাড়া কমপক্ষে ২০-২৫ জন আইনজীবী আসামিদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের রিমান্ডের জন্য আদালতের কাছে যুক্তি তুলে ধরেন। যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তারা হলো: মো. সাদেক, স্বপন মিয়া, মো. ইব্রাহিম ওরফে ভুলু, তার ছেলে শাকিল, লাকি আক্তার ও সালাম।গতকাল বৃহস্পতিবার জিহাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, জিহাদকে হারিয়ে মা মাসুমা আক্তার পাগলপ্রায়। বাকরুদ্ধ হয়ে তিনি শয্যাশায়ী। বাবা সিঙ্গাপুরপ্রবাসী আক্তার হোসেনের চোখ দিয়ে পানি ঝরছে। বুকের ব্যথায় তিনি কাতরাচ্ছেন। পরিবারের কেউ বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না।ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা আবু সোলায়মান ও সবুর আহম্মেদ বলেন, ‘চার বছরের ছেলে জিহাদ দেখতে ছিল ফুটফুটে। এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হবে, তা কোনো দিন ভাবতে পারিনি। খুনিদের ফাঁসি দাবি করছি।’গত রোববার সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জে সিঙ্গাপুরপ্রবাসী আক্তারের ছেলে জিহাদকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে মুঠোফোনে তারা মাসুদার কাছে ছেলের মুক্তির জন্য তিন লাখ টাকা দাবি করে। মাসুদা বিষয়টি র্যাবকে জানালে গত মঙ্গলবার সকালে মুক্তিপণের টাকা নিতে এলে নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকা থেকে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী একজন নারীসহ ছয়জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ওয়াসিম গত বুধবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি।