জিহাদের আহ্বান জানিয়ে নারীদের টানছে হিজবুত তওহিদ!
জিহাদের আহ্বান জানিয়ে নারীদের আত্মঘাতী স্কোয়াডে টানার অভিযোগ পাওয়া গেছে হিজবুত তওহিদ নামের একটি উগ্রবাদী ইসলামি সংগঠনের বিরুদ্ধে। গত ছয় মাসে চট্টগ্রাম নগরের শান্তিবাগ আবাসিক এলাকার একই পরিবারের দুই নারী তাঁদের সন্তান নিয়ে হিজবুত তওহিদের গোপন আস্তানায় চলে গেছেন। স্বামীর সংসার ছাড়ার সময় লিখে যাওয়া চিঠিতে (অছিয়তনামা) হিজবুত তওহিদের আত্মাহুতি স্কোয়াডে যাচ্ছেন বলে তাঁরা জানান।পুলিশ ঘটনাটি জানলেও সংগঠনটি নিষিদ্ধ না হওয়ায় কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না। অথচ সংগঠনটির অঙ্গীকারনামা, প্রকাশনা ও বইয়ে ধাপে ধাপে তারা জিহাদের দিকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, আগ্রাবাদ শান্তিবাগের এক নারী ও তাঁর তিন মেয়ে তিন বছর ধরে পর্যায়ক্রমে হিজবুত তওহিদের দাওয়াতি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক বিরোধও তৈরি হয়। জানা গেছে, তাঁর স্বামীকে তালাক নোটিশও পাঠান। এ ছাড়া স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও আনেন। এর পর গত ২৩ অক্টোবর তাঁর ছোট বোনও একই পথে চলে যান। এ সময় তিনি তাঁর দুই ছেলেমেয়েকে রেখেই ঘর থেকে চলে যান।ছোট বোনের স্বামী মোমিনুল হক বলেন, ‘২৩ অক্টোবর আমার স্ত্রীর বড় বোন আমার বাসায় ডবলমুরিং থানার পুলিশসহ উপস্থিত হন। পুলিশ আমাকে স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ আনে। পরে স্ত্রী ও আমাকে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে আমাকে হাজতে ঢুকিয়ে দেয়। একপর্যায়ে আমার শ্বশুর ও শ্যালকেরা এসে পুলিশকে বোঝায় যে আমার স্ত্রী ও তাঁর বড় বোন হিজবুত তওহিদের সঙ্গে জড়িত। এর পরও পুলিশ আমার স্ত্রীকে শ্বশুরের হেফাজতে না দিয়ে আগেই তওহিদের আস্তানায় চলে যাওয়া বড় বোনের হেফাজতে দিয়ে দেয়।’জানতে চাইলে নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আরেফিন জুয়েল বলেন, ‘ছোট বোন অভিযোগ করেছে তাঁর স্বামী মাদকাসক্ত। তাঁকে নির্যাতন করেন। এর পর আমরা স্বামীসহ তাঁকে থানায় নিয়ে আসি। ওই নারী আর স্বামীর সঙ্গে যেতে চাননি। তাঁর বোনের সঙ্গে চলে যান। বোনটাও হিজবুত তওহিদের সঙ্গে যুক্ত।’আরেফিন জুয়েল আরও বলেন, ‘আমরা অনেক খুঁজে দেখেছি এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়। কিন্তু তাদের তৎপরতা রয়েছে। আমরা এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করেছি—যেখানে চট্টগ্রামে হিজবুতের তিনজন আমিরের নাম পাওয়া গেছে।’জানা গেছে, গত ৩০ নভেম্বর ফেনীর সোনাগাজীতে হিজবুত তওহিদের একটি আস্তানা থেকে ওই দুই বোন আর তাঁদের সন্তানকে পুলিশের সাহায্যে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। এ সময় ছোট বোন প্রথম আলোকে বলেন, ‘আমরাই একমাত্র সঠিক পথে রয়েছি। যারা আমাদের মতের বা পথের বিরুদ্ধে রয়েছে, তারা সবাই তাগুত, তারা সবাই ইসলামবিরোধী। প্রাণ থাকতে আমরা কখনো আমাদের এই দাওয়াতি কার্যক্রম থেকে সরে দাঁড়াব না এবং কেউ এই কাজে বাধা দিলে আমরা তার কথা শুনব না।’ বড় বোন বলেন, ‘হিজবুত তওহিদ কোনো নিষিদ্ধ বা জঙ্গি সংগঠন নয়। আমরা ইসলামের পক্ষে দাওয়াতি কাজ করছি এবং সে দাওয়াতি কাজ আমরা আমরণ করে যাব।’ সোনাগাজী থানার পুলিশ দুই বোনকে উদ্ধারের পর তাঁদের বাবার হেফাজতে দিয়ে দেন। তাঁরা বর্তমানে সোনাগাজীতে রয়েছেন। তাঁদের বাবা মো. হানিফ বলেন, ‘আমার দুই মেয়ে এবং স্ত্রী হিজবুত তওহিদের নেতাদের প্ররোচনায় পড়ে তাদের সুশৃঙ্খল জীবন হারিয়ে ফেলেছে। বর্তমানে তারা অনিশ্চয়তার মধ্য স্বামীর সংসার ছেড়ে তাদের সন্তানদের নিয়ে যাযাবরের মতো দিন যাপন করছে। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। যারা তাদের প্ররোচনা দিয়ে এই পথে নিয়ে এসেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তওহিদের জঙ্গি কার্যক্রম বিষয়ে সজাগ থাকার অনুরোধ করছি।’সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন বলেন, ‘৩০ নভেম্বর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আমরা তাঁদের দুই বোন ও মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। যেহেতু হিজবুত তওহিদ নিষিদ্ধ সংগঠন নয়, তাই আমরা তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। তবে তারা যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে, সেটি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।’