জিহাদের নামে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ হত্যাকে কখনোই জিহাদ বলা যাবে না। এটি হত্যাকাণ্ডই। জিহাদের নামে এই হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না। গতকাল রোববার দুপুরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ইসলাম, জিহাদ ও জঙ্গিবাদ: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শিরিন আখতার, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রুহুল কুদ্দুস, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি মুজিবুর রহমান।
কিছু ভুল মানুষের ধর্মের অপব্যাখ্যার কারণে যুবকেরা বিপথগামী হচ্ছেন, তাঁরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেন ইউজিসির চেয়ারম্যান। তিনি বলেন, জঙ্গিবাদকে অবশ্যই প্রতিহত করতে হবে। একজন যুবকের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার পেছনে তাঁর পরিবারও কম দায়ী নয়। পরিবারের উদাসীনতার কারণে সন্তানেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সেখান থেকে সন্তানেরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারিক অনুশাসন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের মডেলে পরিণত হয়েছে। বিশ্বের পরাশক্তি দেশগুলো এ দেশের ওপর কুনজর দিয়েছে। তারা এ দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য চক্রান্তে নেমেছে। এই চক্রান্তের একটি বড় অংশ হচ্ছে জঙ্গিবাদ। তারা জঙ্গিবাদ ঢুকিয়ে দিয়ে ফায়দা লোটার ষড়যন্ত্র করে যাচ্ছে।
অশিক্ষা, ধর্মান্ধতা ও অপশিক্ষার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে বলে সেমিনারে উল্লেখ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শিরিন আখতার। তিনি বলেন, ধর্ম নিয়ে পড়াশোনা করতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। ধর্মের অপব্যাখ্যা ও বেকারত্ব থেকেই জঙ্গিবাদে জড়ানোর আশঙ্কা রয়েছে। মা-বাবাকে সন্তানদের খোঁজ রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে, তার খোঁজ রাখতে হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, একসময় জ্ঞান-বিজ্ঞান চর্চায় ইসলামের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। কিন্তু সেই চর্চা এখন সীমিত হয়ে গেছে। এর সুযোগ নিয়ে কিছু গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে যুবকদের বিপথগামী করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ইংরেজি বিভাগের শিক্ষক মিথিলা আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদা তালুকদার।