জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ: রেলওয়ের মহাপরিচালককে তলব

রাজধানীর শাহজাহানপুরে রেল কলোনির পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে আদালতের নির্দেশনা প্রতিপালন না হওয়ায় রেলওয়ে মহাপরিচালক মো. আমজাদ হোসেনকে আগামী ১৪ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। ব্যক্তিগত হাজিরা চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল হালিম। রেলওয়ে কর্তৃপক্ষের শুনানি করেন আইনজীবী মনিরা জামান।
২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে ৯০ দিনের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন।
আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ওই নির্দেশনা প্রতিপালন না হওয়ায় আদালত অবমাননার আবেদন করা হলে শুনানি নিয়ে ১ মার্চ হাইকোর্ট রেলওয়ের মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও পরিচালকের (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) প্রতি আদালত অবমাননার রুল দেন। এখনো দুই কর্তৃপক্ষের কেউই ওই অর্থ পরিশোধ করেনি। এ অবস্থায় তিনজনের ব্যক্তিগত হাজিরা চেয়ে গত মঙ্গলবার আবেদনটি করা হয়। ওই নির্দেশনা বাস্তবায়ন ও অর্থ পরিশোধের বিষয়ে ব্যাখ্যা জানাতে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনকে আগামী ১৪ আগস্ট আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনির খোলা পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ। পরদিন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলে চিকিৎসকেরা জানান, শিশুটি বেঁচে নেই। এ ঘটনায় একই বছরের ২৮ ডিসেম্বর জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে রিট করা হয়। শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রায় দেন।