জিহাদের মৃত্যুতে দায়ীদের শাস্তি পেতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁদের গাফিলতির কারণে শিশু জিহাদের মৃত্যু হয়েছে, তাঁদের শাস্তি পেতেই হবে। এর জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে রেলমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। তা ছাড়া জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাজে সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদের সদর দপ্তরে ৩০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা দেওয়া হয়। শাহজাহানপুরে শিশু জিহাদ, রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে এসব স্বেচ্ছাসেবক ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে উদ্ধার অভিযান কার্যক্রম নির্বিঘ্ন করতে দুর্ঘটনাস্থলের একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ঘিরে রাখা হবে। ওই স্থানে উদ্ধারকারী ও প্রয়োজনীয় লোকেরা ছাড়া কেউ যেতে পারবেন না। পাইপে শিশু জিহাদের আটকে পড়াকে এনএসআইয়ের এক কর্মকর্তার গুজব বলে মন্তব্য করাকে সরকার আমলে নেয়নি বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে অনেকেই অনেক কথা বলেন। একে গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওই ঘটনার পর তিনি ফায়ার সার্ভিসকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে বলেছেন। ওই সময় কথার মধ্যে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে ফায়ার সার্ভিস বা সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে জিহাদের মৃতদেহ উদ্ধার করেছে।
আসাদুজ্জামান দাবি করেন, এ ধরনের পাইপে কেউ পড়ে যেতে পারে—এমন ধারণা ফায়ার সার্ভিসের ছিল না। নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের কাজ করতে হয়। তারা জিহাদকে জীবিত উদ্ধারে ব্যর্থ হওয়ার পর মৃতদেহ উদ্ধারে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়েছে।
অনুষ্ঠানে যাঁদের সংবর্ধনা দেওয়া হয়, তাঁদের মধ্যে কয়েকজন বক্তব্য দেন। এর মধ্যে শিশু জিহাদকে উদ্ধারে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করা শাহ মো. আবদুল্লাহ বলেন, অনেকে অনেক কথা বলছেন। কিন্তু ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ ও তাঁরা সবাই মিলে কাজটি করেছেন।
আরেক উদ্ধারকারী আবু বকর সিদ্দিক বাবলু বলেন, অনেকে বলেন ফায়ার সার্ভিস ও সরকারের লোকেরা তাঁদের কাজ করতে দিতে চাননি, এটা সম্পূর্ণ ভুল। তাঁরা তাঁদের যন্ত্র দিয়ে কাজটি করার ব্যাপারে ফায়ার সার্ভিসের ইতিবাচক মনোভাব পেয়েছেন। তিনি এ ধরনের কাছের সময় ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘এরা কাজের সময় ঘাড়ের ওপর চলে আসে, হইচই করে, এতে কাজের ক্ষতি হয়। এটা হওয়া উচিত না।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শওকত মোস্তফা সারা দেশে আরও বেশি বেশি স্বেচ্ছাসেবক তৈরি, তাঁদের পরিচয়পত্র ও পোশাক দেওয়ার আহ্বান জানান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি কম থাকতে পারে, তবে তাঁদের আন্তরিকতার কোনো অভাব নেই। তিনি বলেন, সারা দেশে ২৭ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। এই সংখ্যা ৬২ হাজার করা হবে।