
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মুখ সংযত’ করতে বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নিজের জিহ্বা ঠিক করেন, মুখটা সামলান। তাহলে দেশের মানুষ কিছুটা হলেও শান্তি পাবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত সাবেক-বর্তমান ছাত্রনেতাদের এক কনভেনশনে খালেদা জিয়া এসব কথা বলেন।
বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাব দেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নিজেদের মুখগুলো সংযত করেন, পরে অন্যকে উপদেশ দিয়েন। আমরা যা বলি, সত্য কথা বলি, তথ্যভিত্তিক কথা বলি।’
সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ আখ্যা দেন। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনার কুপুত্রকে জিহ্বা সামলাতে বলুন।’
কনভেনশনে নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সময়মতো ডাক দেব। সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিজয়ের মাস ডিসেম্বর শেষ হচ্ছে। যেকোনো সময় ডাক দেব।’
প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছেন জানিয়ে খালেদা জিয়া বলেন, গুলি চালালে বিএনপি পাল্টা গুলি চালাবে না। তবে জনগণ জবাব দেবে।
সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এখন বিচারপতিরা মুখ দেখে বিচার করেন। আওয়ামী লীগ হলে সব মাফ করে দেওয়া হচ্ছে। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘চাকরির জন্য হাসিনার কথামতো চলবেন, এটা সঠিক হবে না। ন্যায়বিচার করুন। সত্যের পথে, গণতন্ত্রের পথে থাকুন। ভুলে যাবেন না, আপনারা মানুষ, জন্মালে মরতে হবে। এখন অন্যায় করলে পরজীবনে তিন গুণ, দশ গুণ শাস্তি ভোগ করতে হবে।’
খালেদা জিয়া বলেন, প্রসাশনের বর্তমান কোনো কর্মকর্তা তাঁর সঙ্গে বৈঠক করেননি। সম্পূর্ণ ভুয়া অভিযোগ তুলে বিএনপির সমর্থক কর্মকর্তাদের চাকরি খাওয়া হচ্ছে।
খালেদা জিয়া অভিযোগ করেন, এ বছর বিদেশে ১৪ হাজার কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু সবাই ধরাছোঁয়ার বাইরে। কারণ, যাঁরা পাচার করেছেন, তাঁরা সবাই আওয়ামী লীগের।
সকাল সাড়ে ১০টায় কনভেনশন শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রদলের সাবেক নেতারা বক্তব্য দেন। তাঁদের একটি বড় অংশ দলের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অনেকের অভিযোগ, মাঠপর্যায়ে কমিটি চাপিয়ে দেওয়া হয়। উপযুক্তদের দলে যথাযথ মূল্যায়ন হয় না। বিএনপির চেয়ারপারসনকে একটি বলয়ের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। তাঁর সঙ্গে অনেক নেতা-কর্মী দেখা করার সুযোগ পান না।
কনভেনশনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি আমান উল্লাহ আমান।