জিয়া অরফানেজ ও চ্যারিটেবল মামলার সাক্ষ্য পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুটি মামলায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২১ মে সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ তারিখ ধার্য করেন। আজ মামলা দুটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এই মামলার সাক্ষী হিসেবে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ আদালতে হাজির ছিলেন।
সময় চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, গত ১৯ মার্চ এই দুই মামলায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এ কারণে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার আবেদন জানান তাঁরা। শুনানি শেষে আদালত দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।
পরে গত ১৩ এপ্রিল (রোববার) জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবেদন করেন। একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজি জানানো হয়। এই আবেদনের ব্যাপারে আগামী বুধবার আদেশ দেবেন হাইকোর্ট।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সাজ্জাদ হায়দার জানান, ১৯ মার্চ দুটি মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা রিভিশনের ওপর শুনানি হয়েছে হাইকোর্টে। আগামী বুধবার তা আদেশের জন্য দিন ধার্য রয়েছে। এ কারণে নিম্ন আদালতে সাক্ষ্য মুলতবি করে সময়ের আবেদন করা হয়।