জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ৩ মার্চ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩ মার্চ। ওই মামলার আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বুধবার সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোয়াজ্জেম হোসেন এই তারিখ নির্ধারণ করেন। মামলার আসামি তারেক রহমানের পক্ষে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন। এ ছাড়া কাজী কামালের পক্ষেও সময়ের আবেদন করা হয়। আসামি শরফুদ্দিন আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে গঠিত জিয়া অরফানেজ ট্রাস্ট খালেদা জিয়ার মইনুল রোডের বাসার ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু দুদক তদন্তকালে ওই ঠিকানায় ট্রাস্টের কোনো অস্তিত্ব পায়নি। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে সোনালী ব্যাংকের ঢাকার রমনা শাখায় একটি চলতি হিসাব খোলা হয়। ওই বছরই অনুদান হিসাবে কুয়েতের তত্কালীন আমিরের পাঠানো চার কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ওই ব্যাংক হিসাবে জমা হয়। কিন্তু আড়াই বছরেও ওই টাকা কোনো এতিমখানায় দেওয়া হয়নি। খালেদা জিয়া ও অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ভুয়া এফডিআর করে ব্যাংক থেকে তুলে আত্মসাত্ করেন। এই অভিযোগে খালেদা জিয়াসহ সাতজনকে আসামি করে গত ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলাটি করে।