জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনে শুনানি ২৭ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ২৭ জানুয়ারি অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে মামলাটির বিচার নিষ্পত্তির জন্য বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এন এম এম বসির উল্লাহ এ আদেশ দেন।মামলার আসামি বিএনপির সিনিয়র চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় গতকাল আদালতে হাজিরা দেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। অপর আসামি বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এ জন্য গতকাল তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়।খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক রহমানসহ মামলার অপর আসামি শরফুদ্দিন আহমেদ ও কাজী কামাল জামিনে আছেন। অপর দুই আসামি কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন।মামলায় অভিযোগ করা হয়, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে গঠিত জিয়া অরফানেজ ট্রাস্টের নিবন্ধন খালেদা জিয়ার মইনুল রোডের বাসার ঠিকানায় করা হয়। কিন্তু দুদক তদন্তকালে ওই ঠিকানায় ট্রাস্টের কোনো অস্তিত্ব পায়নি। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে সোনালী ব্যাংকের ঢাকার রমনা শাখায় একটি চলতি হিসাব খোলেন। ওই বছরই ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে অনুদান হিসেবে কুয়েতের তত্কালীন আমিরের পাঠানো চার কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা ওই ব্যাংক হিসাবে জমা হয়। কিন্তু আড়াই বছরেও ওই টাকা কোনো এতিমখানায় দেওয়া হয়নি।