জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু

কুমিল্লায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিলের ওপর কাল সোমবার আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের শুনানি এক দিন বিরতির পর আজ রোববার আবার শুরু হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করেন। শুনানি নিয়ে আদালত আগামীকাল সোমবার বেলা দুইটায় শুনানির জন্য সময় রেখেছেন।
ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পাঁচ মাসের মাথায় ১২ জুলাই হাইকোর্টে এ আপিলের ওপর শুনানি শুরু হয়। ১৮ জুলাই পঞ্চম দিনের শুনানিতে খালেদার আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ২২ জুলাই বেলা দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন। এরপর রোববার আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুনানি চলে।
আদালতে খালেদার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আবদুর রেজ্জাক খান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, শুনানিতে আপিলকারীর আইনজীবীরা পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের চারজন সাক্ষীর সাক্ষ্য, জেরা এবং জবানবন্দি পড়ে শোনান ও বক্তব্য উপস্থাপন করেন। এ নিয়ে ছয় দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর মধ্যে আপিলকারী পক্ষ ১৬ জনের সাক্ষ্য উপস্থাপন করেছে। সোমবার বেলা দুইটায় আপিলের ওপর শুনানি হবে।
অন্যদিকে কুমিল্লায় বাসে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিলের ওপর রোববার হাইকোর্টের ওই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও মো. বশির উল্লাহ।
আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় ওই মামলাটি করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তাঁর জামিন চেয়ে ১ জুলাই কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এর আদালতে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হলেও তাঁর জামিন আবেদন বিষয়ে শুনানির জন্য ৮ আগস্ট দিন রাখা হয়। এর বিরুদ্ধে আপিল করে ১৮ জুলাই জামিন চেয়ে আবেদনটি করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়ে রায় দেন বিচারিক আদালত। এরপর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মার্চ হাইকোর্ট থেকে চার মাসের জামিন পান তিনি, যা আপিল বিভাগে বহাল থাকে। এই জামিনের মেয়াদ বাড়াতে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জুলাই হাইকোর্ট খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেন। এ অবস্থায় জামিনের মেয়াদ বাড়ানোর জন্য তাঁর আইনজীবীরা আরজি জানালে হাইকোর্ট ২৬ জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান। তবে অন্য মামলা থাকায় তিনি কারামুক্তি পাননি।