জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা স্থগিতের আবেদন প্রধান বিচারপতির কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের করা আবেদন দুটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির একপর্যায়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের শুনানির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবী রফিক-উল হক শুনানিতে বলেন, এই আবেদন শুনানির এখতিয়ার আদালতের রয়েছে। এ পর্যায়ে আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।আদালতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, মাহবুব উদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তারেক রহমান ওই মামলা বাতিলের জন্য হাইকোর্টে দুটি আবেদন করেন। গত ১৫ অক্টোবর হাইকোর্টের ওই বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা কেন বাতিল করা হবে না, তা জানাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করেন। ১১ নভেম্বর মামলার কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করেন। আংশিক শুনানি গ্রহণ করে ৭ ডিসেম্বর আদালত এ বছরের ৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। গতকাল আবেদন দুটি শুনানির জন্য আসে। এর আগে ২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুণ অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।