জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি মহানগর দায়রা আদালতে স্থানান্তর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার নথি ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে গতকাল সোমবার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন। ৩০ মার্চ এ মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে।
আদালত সূত্র বলেছে, ৮ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তনের জন্য খালেদা জিয়ার করা আবেদন হাইকোর্ট মঞ্জুর করেন। একই সঙ্গে হাইকোর্ট ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে মামলাটি স্থানান্তরসহ তা ৬০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। গত ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৩-এর প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হয়।