জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠন আবার পিছিয়েছে
খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠন-বিষয়ক শুনানি আবার পিছিয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মো. মোয়াজ্জেম হোসেন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ২১ এপ্রিল। এর আগে গত ২৭ জানুয়ারি শুনানির দিন ধার্য ছিল। ওই দিন সংসদ অধিবেশনে ব্যস্ত থাকবেন বলে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত ওই দিন শুনানি মুলতবি করেন। এরপর গতকাল শুনানির পুনর্নির্ধারিত তারিখেও একই কারণ দেখিয়ে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। এ ছাড়া এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদন শুনানির অপেক্ষায় আছে উল্লেখ করে খালেদা জিয়ার আইনজীবীরা রিটের শুনানি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে মামলার কার্যক্রম মুলতবির আবেদন করেন। মামলার অপর আসামিদের মধ্যে তারেক রহমানের পক্ষে আইনজীবী হাজিরা এবং কাজী কামাল ও শরফুদ্দিন আহমেদের পক্ষেও সময়ের আবেদন করা হয়।খালেদা জিয়াসহ সাতজনকে আসামি করে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে। তাতে অভিযোগ করা হয়, ট্রাস্টের ব্যাংক হিসাব থেকে ক্ষমতার অপব্যবহার করে এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ভুয়া এফডিআর করে পরে ব্যাংক থেকে তুলে আত্মসাত্ করেছেন আসামিরা। এ ছাড়া ১৯৯৩ সালের সেপ্টেম্বরে নিবন্ধিত জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অস্তিত্ব নির্ধারিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি।