জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আরও চার জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। ২৩ জুন আসামিপক্ষে জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তা মাজেদ আলী, মোখলেছুর রহমান ও আলফেস আলী এবং সোনালী ব্যাংক কর্মকর্তা হারুন অর রশীদ সাক্ষ্য দেন। পুরান ঢাকার বকশীবাজার আলেয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
এ মামলায় খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময় আবেদন করা হয়। তারেক রহমানও আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। এ মামলার অন্য আসামিরা হলেন কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।