জিয়া অরফানেজ মামলায় দুজনের সাফাই সাক্ষ্য
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। তাঁদের রাষ্ট্রপক্ষের জেরার জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল আসামিপক্ষে পুনরায় সাক্ষীকে জেরার জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত ২৪ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মাহমুদ জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গতকাল আসামিপক্ষ থেকে শাহজাহান সিরাজ ও তাহেরুল ইসলাম সাফাই সাক্ষ্য দিয়েছেন।
২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে দুদক রমনা থানায় মামলা করে। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।