জিয়া ইসলামের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রথম আলোর প্রধান আলোকচিত্রী জিয়া ইসলামের সুস্থতা কামনা করে গতকাল শনিবার বিকেলে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ চত্বরে দোয়া মাহফিল হয়েছে। প্রথম আলো বন্ধুসভা গাইবান্ধা কমিটি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ।
এর আগে একই স্থানে ‘সড়ক দুর্ঘটনা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা বন্ধুসভার সহসভাপতি নাহিদ হাসান। আলোচনায় অংশ নেন গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাদক রানা পাপুল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, নারীবিষয়ক সম্পাদক জিনাত আকতার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আলমগীর কবীর, সদস্য আমিরুজ্জামান, মেহেদী হাসান, জাকিয়া ইয়াসমিন, আবদুল হাই, ব্যবসায়ী আমিনুল ইসলাম ও সাংবাদিক শাহাবুল শাহীন। সভায় বক্তারা জিয়া ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে কঠোর আইন তৈরি করতে হবে। যাতে আর কোনো জিয়া ইসলামকে এভাবে দুর্ঘটনার শিকার হতে না হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রথম আলোর জ্যেষ্ঠ অফিস সহকারী ফরিদ উদ্দিন।