৭ নভেম্বরকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)সহ কয়েকটি সংগঠন।এ উপলক্ষে জাসদের এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আজ কেবল জনতার আদালতেই নয়, আইনের আদালতেও জিয়াউর রহমান একজন ঠান্ডা মাথার খুনি হিসেবে চিহ্নিত। ৭ নভেম্বর পালনের আগে খালেদা জিয়ার উচিত, কর্নেল তাহেরের সমাধিতে গিয়ে স্বামীর অপরাধের জন্য মাফ চাওয়া। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কর্নেল তাহের মিলনায়তনে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবসে’র আলোচনায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীতে যে বিশৃঙ্খলা দেখা দেয়, তা থেকে ফিরিয়ে আনতে কর্নেল তাহেরের নেতৃত্বে ৭ নভেম্বর সিপাহিরা বিদ্রোহ করেন। বন্দী জিয়াউর রহমানকে মুক্ত করে তাহের নতুন জীবন দেন। সেই তাহেরকেই প্রহসনের বিচারে ফাঁসি দিয়ে হত্যা করে ইতিহাসে মীর জাফরের পাশে স্থান করে নেন জিয়াউর রহমান।’অন্যদের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের নেতা ও সাংসদ শাহ জিকরুল আহমেদ, শিরীন আখতার প্রমুখ বক্তব্য দেন।বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দুপুরে কর্নেল তাহের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ইউনুছুর রহমান প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, সিপাহি-জনতার মহানায়ক ছিলেন কর্নেল তাহের, আর খলনায়ক ছিলেন জিয়াউর রহমান। জেএসডি: দেশ পরিচালনায় সব শ্রেণী-পেশার মানুষের অংশীদারি প্রতিষ্ঠার মাধ্যমে ৭ নভেম্বরের চেতনা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। গতকাল রাজধানীর গুলিস্তানে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে এ দিবসের এক আলোচনা সভায় আ স ম রব এই আহ্বান জানান।এদিকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করে সকালে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় দলের চেয়ারম্যান শেখ শওকত হোসেন, মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।