জিয়া ও এরশাদ অবৈধ রাষ্ট্রপতি: প্রধানমন্ত্রী
আদালতের রায় অনুযায়ী জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি হুসেইন মুহম্মদ এরশাদকেও ‘অবৈধ রাষ্ট্রপতি’ হিসেবে আখ্যায়িত করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
বিএনপির জন্ম গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘এ কথা ভুললে চলবে না, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল হত্যা, ক্যু, ষড়যন্ত্রের রাজনীতির মাধ্যমে। জিয়ার ক্ষমতা দখল অবৈধ। সে সংবিধান লঙ্ঘন করেছে, আর্মি রুলস অ্যান্ড অ্যাক্ট লঙ্ঘন করেছিল। নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছিল। শুধু তা-ই না, একাধারে সেনাপ্রধান, রাষ্ট্রপতি। একই অঙ্গে দুই রূপ নিয়ে রাষ্ট্র শাসন করেছিল। ঠিক আইউব খানের মতো।’
জিয়াউর রহমান ও এরশাদকে ‘অবৈধ রাষ্ট্রপতি’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, ‘হাইকোর্টের স্পষ্ট রায় আছে, জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ। এরশাদের ক্ষমতা দখল অবৈধ। তাই পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল ঘোষণা হয়েছে। আর যারা একবার উচ্চ আদালত থেকে অবৈধ বলে ঘোষিত হয়েছে, তার মানে জিয়াউর রহমানকে যতই রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বলা হোক, তাকে কিন্তু সাবেক রাষ্ট্রপতি বলা যবে না। যদি বলা হয়, তাহলে হাইকোর্টের রায়কে লঙ্ঘন করা হবে। কারণ তার ক্ষমতা অবৈধ। সে যেসব মার্শাল ল অরডিন্যান্স জারি করেছে, সংবিধান সংশোধন বা যেসব আইন করেছে, সব বাতিল বলে ঘোষণা হয়েছে। কাজেই এখন সাবেক প্রেসিডেন্ট এরশাদ বা জিয়াউর রহমান, কেউ কিন্তু আর সাবেক প্রেসিডেন্ট না। সেটা বলা যাবে না। কারণ তারা ক্ষমতা দখলকারী। উচ্চ আদালত যখন এই ঘোষণা দেয়, তখন সকলকে এটা মানতেই হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা প্রকৃত মুসলমানের পথ নয়। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা মানসিকভাবে বিকৃত। তিনি বলেন, সন্ত্রাস ও আত্মঘাতী বোমা হামলা ‘সাচ্চা মুসলমান’ (প্রকৃত মুসলমান) এর পথ নয়। মসজিদের ভিতর মানুষ হত্যা প্রকৃত মুসলমানের কাজ নয়। যারা এ ধরনের অপরাধ করছে, তারা মানসিকভাবে বিকৃত।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কেউ যাতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য যুব সমাজ, ছাত্র ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটলে মুসলমানদের ওপর হামলা হবে এবং তাদের জীবন কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তাই এ ধরনের হামলার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘আত্মহত্যা করা ইসলামে একটি গুনাহর কাজ এবং এ বিষয়টি বারবার উল্লেখ করা হয়েছে। আত্মঘাতী বোমা হামলার বিষয়টিকে কিছু বিভ্রান্ত মুসলমানের কাজ বলে উল্লেখ করে তিনি বলেন, একজন মুসলমান কী করে এই ধরনের গুণাহ করতে পারে। তিনি বলেন, এই ধরনের গুনাহর মাধ্যমে ইসলামের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আমি জানি না তারা কেন এই ধরনের পাপ কাজ করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতি ও সংবিধান সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছে। যাঁরা সত্যিকার অর্থে ধর্মীয় আচার পালন করেন, তাঁরা সব সময় অন্যের ধর্মকে সম্মান করে এবং আমাদের মহানবী হজরত মুহাম্মদ (স.) এই ধরনের নির্দেশনা প্রদান করেছেন। তাই, আমাদের উচিত এই পথ অনুসরণ করা।’