প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, জিয়াউর রহমানের জন্ম ভারতে, পড়াশোনা করেছেন পাকিস্তানে। তাই দেশের প্রতি তাঁর কোনো দরদ ছিল না। তিনি ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা।গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই দাবি করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার জন্ম-পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) জন্ম শিলিগুড়ির চা-বাগানে। তাঁর নানা-নানির নাম কী? জিয়াউর রহমানের জন্ম ভারতে, পড়াশোনা করেছেন পাকিস্তানে। তাঁর বাবা-মার কবর পাকিস্তানে। দেশের প্রতি তাঁদের দরদ থাকবে কী করে?’ তিনি বলেন, ‘জিয়াউর রহমান ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা। বিএনপির নেতা মেজর হাফিজের লেখা বইয়ে আছে, মুক্তিযুদ্ধের সময় গেরিলারা বেগম জিয়াকে ভারতে নিয়ে যেতে এসেছিলেন। তিনি যাননি। তিনি ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মেসে ছিলেন।’প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে টাকা নিয়েছিলেন আওয়ামী লীগকে হারাতে। ধর্মের কল বাতাসে নড়ে। পাকিস্তানের আদালতে হলফনামা দিয়ে আইএসআই-প্রধান স্বীকার করে নিয়েছেন বিএনপি নেত্রীকে তাঁরা টাকা দিয়েছেন। পরাজিত শক্তির দালালি করার চেয়ে জঘন্য নোংরা কাজ আর কী হতে পারে? প্রধনমন্ত্রী মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলায় জয় সম্পর্কে তাঁর সরকারের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ প্রমুখ। কবিতা পাঠ করেন আবদুল লতিফ সিদ্দিকী ও ইয়াফেস ওসমান।ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: বাসস জানায়, বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিবেশী দুটি দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপে যথাযথ সাড়া দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সম্পন্ন এবং টিপাইমুখ বাঁধসংক্রান্ত জরিপ দলে বাংলাদেশি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান। তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং ভারতীয় পার্লামেন্টে স্থল সীমানা চুক্তি অনুমোদনে দৃঢ় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ‘আসুন, আমার সরকারের আগামী দুই বছরে আমরা সব কাজ শেষ করি।’ আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতের অনেক অনুরোধ মেনে নিতে রাজি হয়েছে।শেখ হাসিনা বলেন, এসব অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ আখাউড়া ও আগরতলার মধ্যে রেলসংযোগ স্থাপন, আশুগঞ্জ থেকে ত্রিপুরার পালাটানা পাওয়ার স্টেশনে ভারতের ওভার ডাইমেনশনাল কার্গো পরিবহন, আশুগঞ্জে ‘পোর্ট অব কল’ প্রতিষ্ঠা এবং সীমান্ত হাট ও স্থল শুল্ক কেন্দ্র প্রতিষ্ঠায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।বিল্ডিং কোড অনুসরণের ওপর গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী গতকাল তাঁর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বছরের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি দুর্যোগের আগে ও পরে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করার এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।