জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির তারিখ আবার পিছিয়েছে। আদালত আগামী ১ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেছেন।ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ তারিখ ধার্য করেন। গতকাল এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। গত ২৯ এপ্রিল শুনানির এ তারিখ ধার্য করা হয়েছিল।খালেদা জিয়ার পক্ষে গতকাল তাঁর আইনজীবী তাহেরুল ইসলাম সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ইস্ট পাকিস্তান অ্যাসেম্বলি মেম্বার্স প্রিভিলেজেস অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী কোনো সাংসদ অধিবেশন চলার সাত দিন আগে থেকে এবং সাত দিন পর পর্যন্ত যেকোনো আইনি পদক্ষেপ থেকে ছাড় পাবেন। শুনানি শেষে আদালত ১ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।খালেদা জিয়া এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে আছেন। এ মামলার অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি হারিছ চৌধুরী পলাতক রয়েছেন।