জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা অব্যাহত রয়েছে। ২১ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
দুদকের উপপরিচালক হারুন অর রশীদ এই মামলার তদন্ত কর্মকর্তা। ৭ জানুয়ারি তাঁর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ বিচারকাজ চলে।
মামলার অন্যতম আসামি খালেদা জিয়ার আইনজীবীরা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন বলে প্রথম আলোকে জানা দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।