জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। আগামী ২১ অক্টোবর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে এ মামলার ১৩ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।
ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার আজ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। ওই তিন সাক্ষী হলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মতিঝিল শাখার সেলস সার্ভিস অফিসার নওশাদ মাহমুদ, রিলেশনশিপ অফিসার আমিরুল ইসলাম ও কাস্টমার সার্ভিসেস অফিসার অলোক কান্তি চক্রবর্তী।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, এ মামলার মোট সাক্ষী ২৬ জন। এর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। পরবর্তী শুনানির ধার্য তারিখে আরও পাঁচজন সাক্ষীকে আদালতে হাজির করার আদেশ দিয়েছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, আজ শুনানির শুরুতে মামলার তিন সাক্ষীকে আমরা জেরা করি। এরপর আদালত নতুন আরও তিন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।
সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া অসুস্থতার জন্য বিদেশে আছেন। তাঁর প্রতিনিধি হিসেবে আমি আদালতে তাঁর পক্ষে মামলায় হাজির ছিলাম।
গত মাসের ১৭ সেপ্টেম্বর সর্বশেষ শুনানি হয়েছিল।
একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাও বিচারাধীন রয়েছে।