জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলার বাদী ও সাক্ষী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশীদকে জেরা করছেন আসামি জিয়াউল হক ওরফে মুন্নার আইনজীবী।
আজ সোমবার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলারও বিচারকাজ চলছে।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় দুই মামলায় আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে চারটি আবেদন করেন।
মামলার ধার্য দিনে আজ খালেদা জিয়ার আদালতে হাজির হতে না পারার জন্য সময় চেয়ে দুটি আবেদন করা হয়। এ প্রসঙ্গে তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে বলেন, খালেদা জিয়া অসুস্থ। তাঁর চোখে সমস্যা। চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন। এ কারণে তিনি আজ আদালতে আসতে পারেননি।
এ বিষয়ে আদালত বলেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার পক্ষে আবেদন করা হলে তা গ্রহণ করা হবে।
খালেদা জিয়ার পক্ষে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করার জন্য বাকি দুটি আবেদন করা হয়। এ বিষয়ে আদালতে মাহবুব উদ্দিন খোকন বলেন, এই মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে দেওয়া সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজ হয়েছে। এর বিরুদ্ধে আপিল করা হবে। কিন্তু রায়ের প্রত্যায়িত অনুলিপি না পাওয়ায় তাঁরা আবেদন করতে পারছেন না। এ জন্য ওই মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করতে আবেদন করা হয়েছে।
এই আবেদন দুটির বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আসামি জিয়াউল হক ওরফে মুন্না ও মনিরুল ইসলামের আইনজীবীরা মামলার বাদীকে জেরা করতে আরও সময়ের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করায় জিয়াউল হকের পক্ষে তাঁর আইনজীবী মামলার সাক্ষী দুদকের উপপরিচালক হারুন অর রশীদকে জেরা শুরু করেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।