জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বাতিল চেয়ে খালেদার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছবি
খালেদা জিয়া । ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন।
খালেদা জিয়ার আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৬১-এ ধারায় মামলাটি বাতিলের আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ২০ ধারা অনুসারে গেজেটভুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হবে। এ মামলায় ওই বিধান মানা হয়নি।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা দুটি মামলা এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। রাজধানীর বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দুটির কার্যক্রম চলছে। দুটি মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ খান।
২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। আর ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তা করার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা করা হয়।