বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। গতকাল রোববার খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোতাহার হোসেন ২৭ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, সংসদের ১৯তম অধিবেশন চলছে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সংসদ অধিবেশন ও রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া দুটি মামলার পৃথক দুটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়েছে। তা শুনানির অপেক্ষায় আছে। তাঁরা হাইকোর্টে শুনানির অপেক্ষমাণ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবির আরজি জানান।
দুটি মামলায় দুদকের আইনজীবী মোশারফ হোসেন এর বিরোধিতা করে বলেন, একই কারণে এর আগেও অনেকবার সময় নেওয়া হয়েছে। প্রায় দেড় বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে সময়ের আবেদন করা হয়েছে। মামলার বিচারকাজকে বিঘ্ন করার বিভিন্ন অজুহাতে একের পর এক আবেদন করছেন আইনজীবীরা।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। অন্য আসামিরা হলেন তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী এবং মমিনুর রহমান। ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলাটি দায়ের করা হয়। এ মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।