জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ মামলার তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১৪ জানুয়ারি আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষে সাক্ষ্য সমাপ্ত হয়েছে। আসামিপক্ষের জেরা শেষ হলে আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করবেন আদালত।
গতকাল খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে যাননি। গতকাল তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, খালেদা জিয়া অসুস্থ।
গতকাল তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ তাঁর সাক্ষ্যে বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অন্য আসামিদের সহযোগিতায় ট্রাস্ট থেকে টাকা নিয়ে খরচ করেছেন। সাক্ষী আরও বলেন, খালেদা জিয়া ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে জমির অতিরিক্ত মূল্য দেখিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। সাক্ষী তদন্তকালে জব্দ করা মামলার আলামত আদালতে উপস্থাপন করেন এবং তা আদালতে দাখিল করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষী উপস্থাপন করা হয়। ৩১ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তার জেরা বাকি রয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।