জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় দুই আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলামসহ দুজন জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক জামিন মঞ্জুর করেন। জিয়াউল ইসলাম বর্তমানে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক। অপর আসামি হলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। গতকাল এই দুই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন। ওই দিন অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৬ জানুয়ারি খালেদাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এতে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়।