জিয়া ট্রাস্ট মামলায় খালেদাকে ১ জানুয়ারি হাজিরের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১ জানুয়ারি হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য ছিল।গতকাল খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই আদেশ দেন। সকালে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করে আদালতকে বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যস্ততা এবং সংসদ অধিবেশন চলার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাই সময়ের প্রয়োজন। দুদকের আইনজীবী মোশারফ হোসেন এর বিরোধিতা করে আদালতকে বলেন, আগেও একই কারণ দেখিয়ে একাধিকবার সময় নিয়েছেন। একজন আসামির জন্য তারিখ পরিবর্তন করা হচ্ছে। কী কারণে হচ্ছে, সে বিষয়ে কমিশনে জবাবদিহি করতে হয়। এ নিয়ে উভয় পক্ষে তর্কবিতর্ক হয়। আদালত আসামিপক্ষের আইনজীবীদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আপনারা ন্যায়বিচার চান। একজন আসামির জন্য কতবার সময় দেওয়া যায়? এটা কি ন্যায়বিচারের পরিপন্থী নয়?’ শুনানি শেষে আদালত শেষবারের মতো সময় মঞ্জুর করেন।খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মহসীন মিয়া, ইকবাল হোসেন, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ আইনজীবী।গত বছরের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে এই মামলা করে দুদক।