জিয়া না হলে স্বাধীনতার ঘোষণা ও রক্ষা হতো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘সেদিন জিয়াউর রহমান না হলে স্বাধীনতার ঘোষণা হতো না। আর ৭ নভেম্বর তিনি বেরিয়ে এসে দায়িত্ব না নিলে এ দেশের স্বাধীনতা রক্ষা হতো না।’‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের এক শোভাযাত্রা-পূর্ব সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।তথ্যমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘আজ আওয়ামী লীগের যেসব মন্ত্রী তাঁকে (জিয়া) কটূক্তি করেন, তাঁরা কি একবারও আয়নায় নিজের চেহারা দেখেছেন? ৭ নভেম্বরের আগে তাঁরা কী করেছিলেন, কেমন করে দেশপ্রেমিক মানুষদের হত্যা করেছিলেন, সেসব কথা তাঁদের কি একবারও মনে পড়ে?’গত বুধবার রাজধানীতে দলের এক আলোচনা সভায় জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কর্নেল তাহের হত্যার জন্য জিয়াউর রহমানকে দায়ী করেন। তিনি বলেন, ‘আজ কেবল জনতার আদালতেই নয়, আইনের আদালতেও জিয়া একজন ঠান্ডা মাথার খুনি হিসেবে চিহ্নিত।’সভায় ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল ইসলাম।ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ বক্তব্য দেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নয়াপল্টন থেকে কাকরাইল, মৌচাক হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। রাস্তা আটকে সমাবেশ ও শোভাযাত্রার কারণে এই সড়কে যানজটের সৃষ্টি হয়।সকালে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সভায় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বাকশালি ভূত দেশের ওপর নতুন করে ভর করেছে। এই বাকশালি প্রেতাত্মাকে রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে।’সভায় ফখরুল বুধবার রাজধানীতে ছাত্রলীগের এক সমাবেশের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমি অবাক হয়েছি শুনে, ছাত্রলীগ গণধোলাই কমিটি গঠন করেছে। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, এবার নাকি সঠিক কাজটি করেছে ছাত্রলীগ।’ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, রাবেয়া সিরাজ, দলের মহিলাবিষয়ক সম্পাদক খালেদা রাব্বানী প্রমুখ। মহিলা দলের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।