চট্টগ্রামে যুবদলের এক সমাবেশে বক্তারা বলেছেন, জিয়া পরিবার শেখ হাসিনার বিষাক্ত রাজনীতির নগ্ন শিকারে পরিণত হয়েছে। বিএনপিকে ধ্বংস করে আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। ‘খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে’ গতকাল শনিবার এ সমাবেশ করা হয়।বক্তারা অবিলম্বে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ঈদুল ফিতরের পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্করের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপি নেতা আনোয়ার হোসাইন, মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম নগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সভাপতি কাজী আকবর, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, যুবদল নেতা ইয়াছিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন প্রমুখ। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাসিমন ভবনে এসে শেষ হয়। সমাবেশ শুরুর আগে কর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিএনপি নেতারা তা নিয়ন্ত্রণে আনেন।