জিয়া পরিবারকে ভয় পায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে আওয়ামী লীগ ভয় পায়। এ কারণে জিয়াউর রহমান সম্পর্কে তারা অপপ্রচার চালাচ্ছে। তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গ্যাস ও বিদ্যুৎ-সমস্যার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বগুড়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির আগে দুপুর ১২টায় বগুড়া জেলা বিএনপির উদ্যোগে নবাববাড়ী সড়কে বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির আমলে দেশে এত বিদ্যুৎ-সমস্যা ছিল না। বর্তমান সরকারের শাসনামলে বিদ্যুতের অভাবে মানুষের নাভিশ্বাস অবস্থা। এ সরকার গ্যাস উত্তোলন করতে পারছে না বলে নতুন সংযোগ দেওয়া বন্ধ করেছে। দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শিল্পকারখানা শুধু গ্যাসের অভাবে চালু করা যাচ্ছে না।সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংসদ হাফিজার রহমান, মোস্তফা আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।