জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন জরুরি: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে, দেশকে জঙ্গি-সন্ত্রাস-সংঘাতমুক্ত করতে হলে জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করা সবারই কর্তব্য। এটি জরুরি হয়ে পড়েছে। তিনি সেই কাজটি করছেন।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাসানুল হক ইনু। তথ্যমন্ত্রী যে কাজটি করেন, সে জন্য তাঁকে জিয়া পরিবারের সমালোচনাবিষয়ক মন্ত্রী বলা উচিত—বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের পাল্টা জবাব দেন তথ্যমন্ত্রী।
ইনু বলেন, জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করতে না পারলে বাংলাদেশ নিরাপদ হবে না। রাজনৈতিক শান্তি আসবে না।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে সেই দল, যারা পঁচাত্তরের পরে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতি বহন করছে। তাই বাংলাদেশকে নিয়মতান্ত্রিক পথে রাখতে হলে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতির বাহকদেরও শায়েস্তা করতে হবে। রাজনীতি ও নির্বাচনের বাইরে নির্বাসনে পাঠাতে হবে। এটা রাজনৈতিক কথা, কোনো প্রতিহিংসার কথা নয়।
মতবিনিময় অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।