জিয়া পরিবারের বিরুদ্ধে ২৬ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ২৬টি মামলা রয়েছে।
জিয়া পরিবারের বিরুদ্ধে এসব মামলার মধ্যে সাতটি বর্তমান সরকারের আমলে করা। বাকিগুলো গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়। এসব মামলার মধ্যে একটিতে তারেক রহমান খালাস পেয়েছেন এবং অন্য একটি মামলায় কোকোর সাজা হয়েছে।
আদালতের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, খালেদা জিয়া পাঁচটি এবং তারেক রহমান ১৭টি ও কোকো সাতটি মামলার আসামি। এসব মামলার কয়েকটিতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর ছেলেদেরও আসামি করা হয়েছে। তারেকের স্ত্রী জোবাইদা রহমানও স্বামীর সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার আসামি।
মামলাগুলোর মধ্যে বেশির ভাগেরই কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। জিয়া পরিবারের আইনজীবী ও দলীয় নেতারা মনে করছেন, উপজেলা নির্বাচনে বিএনপির সাফল্য দেখে সরকার এখন আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর অংশ হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
জিয়া পরিবারের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, যে প্রক্রিয়ায় আদালত অভিযোগ গঠন করেছেন, তা আইনানুগ হয়নি। তাঁরা এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন। তাঁর আশঙ্কা, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটি মামলা গতি পাচ্ছে।
এ বিষয়ে মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, আদালত আইন অনুসরণ করেই অভিযোগ গঠন করেছেন। আসামিপক্ষ আইনকে ব্যবহার করে প্রায় দুই বছর সময় নিয়েছেন। এ দুটি মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের। কাজেই রাজনৈতিকভাবে হয়রানি করতে আদালতকে ব্যবহার করার অভিযোগ ঠিক নয়।
খালেদার পাঁচ মামলা: জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। গত বছরের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনকে আসামি করে ২০১০ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
সর্বশেষ গত বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় মামলা দুটিতে খালেদা জিয়া-তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২১ এপ্রিল বিচারের দিন ধার্য করেন।
এ ছাড়া বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদারি কাজে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির অভিযোগে খালেদাসহ ১৬ জনকে আসামি করে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় গ্যাটকো-সংক্রান্ত দুর্নীতি মামলা এবং একই বছরের ৯ ডিসেম্বর নাইকো-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। এ তিনটি মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
তারেকের ১৭ মামলা: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা এবং তাতে ২২ জন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা করে পুলিশ। একটি হত্যা ও আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা। বর্তমান সরকারের আমলে এ দুটি মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়।
২০১১ সালের ৩ জুলাই সিআইডির দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমান ছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, হারিছ চৌধুরীসহ ৩০ জনকে আসামি করা হয়। এঁদের নিয়ে মোট আসামির সংখ্যা ৫২।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তাঁর ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। গত বছরের ১৭ নভেম্বর এই মামলার রায়ে খালাস পান তারেক রহমান। গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সিঙ্গাপুর থেকে ফেরত আনা ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
তারেক ও তাঁর ছোট ভাই আরাফাত রহমানের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় ২০১২ সালের ২ অক্টোবর। ঋণখেলাপির অভিযোগে মামলাটি করে সোনালী ব্যাংক।
গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে ১২টি মামলা হয়। উচ্চ আদালতের নির্দেশে এসব মামলার কার্যক্রম স্থগিত আছে। এগুলোর মধ্যে আটটি চাঁদাবাজির মামলা। ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় মামলাগুলো করেন।
এ ছাড়া কাফরুল থানার পুলিশ বাদী হয়ে জরুরি ক্ষমতা আইনে একটি, দুদক বাদী হয়ে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় একটি (স্ত্রী জোবাইদাও আসামি), একই বছর বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা সাব্বির হত্যা মামলা ভিন্ন খাতে নিতে ঘুষ গ্রহণের অভিযোগে দুদক আরেকটি মামলা করে। পরের বছরের ৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর ফাঁকির অভিযোগে একটি মামলা করে।
কোকোর সাত মামলা: সিঙ্গাপুরে ২০ কোটি টাকার বেশি অর্থের অবৈধ লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে সায়মন হোসেনকে আসামি করা হয়।
২০১১ সালের ২৩ জুন এ মামলার রায় হয়। তাতে পলাতক দেখিয়ে কোকোকে ছয় বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে সাড়ে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়। এরই মধ্যে সম্প্রতি সিঙ্গাপুর থেকে কোকোর পাচার করা অর্থের একটা অংশ দেশে ফিরিয়ে আনা হয়েছে। কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে ২০১০ সালের ১ মার্চ এনবিআর একটি মামলা করে।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোকোর বিরুদ্ধে গুলশান থানায় দুটি চাঁদাবাজির মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক একটি মামলা করে। আর সোনালী ব্যাংকের ঋণখেলাপি মামলায় ভাইয়ের সঙ্গে এবং গ্যাটকো দুর্নীতি মামলায় মায়ের সঙ্গে কোকোও আসামি।