বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জাতীয় সংসদ ও সংসদের বাইরে নানা অপচেষ্টা চলছে।গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের মজলুম মিলনায়তনে জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে শহর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তৈমুর আলম এসব কথা বলেন।তৈমুর আলম অভিযোগ করেন, আজ যাঁরা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, বিগত দিনে তাঁরাই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিলেন। তাঁদের কারণেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের রক্ষীবাহিনী দিয়ে শত শত যুবককে খুন করা হয়েছে। শহর বিএনপির সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান প্রমুখ।