জিয়া পরিবারের মিলাদে বিএনপির কেউ ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিয়াউর রহমানের পরিবারের পৈতৃক দিক থেকে এটাই প্রকাশ্যে এ ধরনের প্রথম উদ্যোগ। তবে অনুষ্ঠানে বিএনপির বর্তমান বা সাবেক কোনো নেতাকে দেখা যায়নি।
এই মিলাদকে ঘিরে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এটিকে বিএনপি ভাঙার ষড়যন্ত্র হিসেবে দেখছিলেন বিএনপির কেউ কেউ। তবে এই অনুষ্ঠানকে অন্যভাবে না দেখার জন্য আহ্বান জানিয়ে আহমেদ কামাল বলেছেন, ‘রাজনীতিতে এলে আমি সবাইকে জানিয়েই আসব।’
অনুষ্ঠানে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিতা-মাতা ও ভাইদের সংক্ষিপ্ত পরিচিতি’ শীর্ষক দুই পাতার একটি প্রকাশনা বিলি করা হয়। এর প্রচ্ছদে রয়েছে জিয়াউর রহমানের মা-বাবা, জিয়াসহ পাঁচ ভাইয়ের ছবি। ভেতরের দুই পৃষ্ঠায় সবার পরিচিতি। এর মধ্যে দেড় পৃষ্ঠাজুড়ে আছে আহমেদ কামালের পরিচিতি ও বিভিন্ন বক্তব্য। তবে অনুষ্ঠানের ব্যানারে অন্যদের সঙ্গে জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ছবি ছিল।
অনুষ্ঠানে শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের বেশির ভাগ বয়সে তরুণ। কয়েকজনের সঙ্গে কথা বলে মনে হলো, ঠিক কী কারণে এখানে এসেছেন তা ভালো করে জানেন না অনেকে। এ রকম একজন নিজেকে শরীফ পরিচয় দিয়ে জানান, তাঁরা কয়েকজন যাত্রাবাড়ীর চিটাগাং রোড এলাকা থেকে এসেছেন। আওয়ামী লীগ করেন এলাকার এমন এক ‘বড় ভাই’ তাঁদের এখানে পাঠিয়েছেন। কিছুক্ষণ পর অবশ্য তিনি আবার বলেন, আওয়ামী লীগ না, যে বড় ভাই তাঁদের পাঠিয়েছেন তিনি বিএনপি করেন। মিলাদে যোগ দিতে তাঁরা এসেছেন। তবে ওই বড় ভাইয়ের নাম-ঠিকানা বলতে তিনি রাজি হননি।