জিয়া পরিষদের কমিটি নিয়ে বিভ্রান্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞাকে চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল আহসান চৌধুরীকে মহাসচিব করে জিয়া পরিষদের ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গতকাল শুক্রবার জিয়া পরিষদের নামে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠন করার কথা জানানো হয়। তরঙ্গ আনোয়ার নামের এক ব্যক্তির সই করা ওই বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের একটি তালিকাও পাঠানো হয়। তরঙ্গ আনোয়ার নিজেকে জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব ও নতুন কমিটি নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দাবি করেছেন।মনিরুজ্জামান মিঞা গত রাতে প্রথম আলোকে বলেন, ‘কিছু ছেলে কমিটি গঠনের বিষয়ে আমার কাছে এসেছিল। কিন্তু আমি তাদের না করে দিয়েছি।’ তিনি বলেন, ‘অন্য একটি সংবেদনশীল সংগঠনে আমার থাকার কথা রয়েছে। এ কারণে জিয়া পরিষদে থাকার ব্যাপারে আমার খুব একটা ইচ্ছা নেই।’জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ নতুন কমিটিকে ভিত্তিহীন বলে দাবি করে বলেন, ‘তরঙ্গ আনোয়ার একসময় আমার সঙ্গে ছিল। এখন সে পরিষদের কেউ না।’