জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করলেন দলটির দুই জ্যেষ্ঠ নেতা।স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দলের দুই ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও শমসের মবিন চৌধুরী এ কথা বলেন।সাদেক হোসেন খোকা বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি বাংলাদেশের দায়িত্বও নিয়েছিলেন। জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ঢাকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নেতারা জিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করে তাকেই মুক্তিযুদ্ধের নেতা ও স্বাধীনতার প্রকৃত ঘোষক বলে তুলে ধরেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় উপস্থিত থাকলেও বক্তব্য দেননি।সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, সরকার জাতীয় সমস্যা ও জনদুর্ভোগ লাঘব করার কোনো উদ্যোগ নিচ্ছে না। জনগণের দৃষ্টি সরাতে স্বাধীনতার ঘোষক প্রশ্ন, জিয়ার নাম পরিবর্তন, খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিলসহ নানা কাজ নিয়ে অযথা সময় নষ্ট করছে। তিনি সরকারের ‘অত্যাচার-নির্যাতনের’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, জিয়াই স্বাধীনতার একমাত্র ঘোষক। এ নিয়ে কোনো বিতর্ক নেই। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আন্দোলনের ঘোষণা দিতে দেরি করবেন না, আবার তাড়াহুড়োও করবেন না।জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এ মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, তিনি মুক্তিযুদ্ধে বাঙালির নেতা ছিলেন।মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তাই বিএনপির হাতেই এ দেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ।স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, শেখ মুজিব ৭ মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার কথা বলেননি। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়া।ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ২৭ মার্চ ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তিনিই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।বিএনপির কর্মসূচিতে হামলার নিন্দা: স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে বিএনপি আয়োজিত কর্মসূচিতে সরকারদলীয়দের কথিত হামলার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এসব হামলা-নির্যাতন বন্ধ না হলে বিএনপি এর দাঁতভাঙা জবাব দেবে। তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। আরেক বিবৃতিতে খোন্দকার দেলোয়ার চট্টগ্রামে বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বাড়িতে পুলিশি তল্লাশির নিন্দা জানান।