জিয়া সার কারখানা থেকে পাঁচ জেলায় সার সরবরাহ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক মালিক সমিতি ও পরিবহন ঠিকাদার সমিতির সদস্যদের মধ্যে দ্বন্দ্বের অবসান হওয়ায় গত সোমবার থেকে জিয়া সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় ফের সার সরবরাহ শুরু হয়েছে। আশুগঞ্জ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জানান, এখন থেকে চালানে ভাড়ার পরিমাণ উল্লেখ করে পরিবহন ঠিকাদারেরা সার পাঠাবেন। তা ছাড়া বিধানমতো ট্রাকের সিরিয়ালও রক্ষা করা হবে। এসব বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতৈক্য হওয়ায় ট্রাকযোগে সার পরিবহন শুরু হয়। আশুগঞ্জ পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছে।আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুই সমিতির নিজেদের সমস্যার কারণে সারের মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ পরিবহন বন্ধ করা গ্রহণযোগ্য নয়। সোমবার তাদের এসব বিষয়ে সতর্ক করে ট্রাক চালাতে বলা হয়েছে। তারা সার পরিবহন শুরু করেছে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভাপতি আসাদুজ্জামান ফারুক বলেন, দুই সমিতির দ্বন্দ্বের কারণে এরই মধ্যে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।