প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ওই ঘটনার নিন্দা জানিয়ে তিনিই প্রথম বিবৃতি দিয়েছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সভাপতি হিসেবে দেওয়া বিবৃতিতে বলেছিলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে, এর ব্যত্যয় যেন না ঘটে। কোনো সেনা কর্মকর্তা যেনÿক্ষমতা দখল না করেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করেছিলেন। সে সময় তিনি ও তাঁর বোন শেখ রেহানা জার্মানিতে ছিলেন। দেশে ফিরতে চাইলে জিয়া সব সময় বাধা দিয়েছেন। শেখ হাসিনা বলেন, যেদিন জিয়া খুন হন, ওই দিন তিনি সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। জিয়ার খুনের ঘটনার পর ঢাকার সঙ্গে সব জায়গার ট্রেন চলাচল বন্ধে হয়ে যায়। আখাউড়ায় এসে তাঁরা জিয়ার মৃত্যুসংবাদ জানতে পারেন। সেখান থেকে তিনি কিশোরগঞ্জের ভৈরবে পৌঁছে বিবৃতি দেন।
আরেক সাংসদ মাহফুজুর রহমানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ অধিদপ্তর বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আছে, জরুরি ভিত্তিতে সড়কে মেরামতকাজ করা, দুর্ঘটনাকবলিত যানবাহান সড়ক থেতে দ্রুত সরিয়ে নেওয়া, মনিটরিং টিম গঠন, ইত্যাদি। এ ছাড়া যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৬১৯ জনকে সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪২৭ জন সাংবাদিক বা তাঁদের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে দুই কোটি ৬০ লাখ টাকা।