কক্ষ দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতির পক্ষের এক কর্মীকে মারধর করেছেন সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আহত মিরাজ ব্যাংকিং প্রথম বর্ষের ছাত্র। তিনি হলের ৩০৮ নম্বর কক্ষের বাসিন্দা ও সভাপতির পক্ষের কর্মী। তাঁকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।হল সূত্রে জানা যায়, হল শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হওয়ার পর হলের বিভিন্ন কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে সভাপতি সালমান প্রধান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ৩০৮ নম্বর কক্ষে দুই পক্ষের কর্মীরাই থাকতেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মী লিমনসহ আরও কয়েকজন ওই কক্ষে অবস্থানরত মিরাজের ওপর হামলা চালান। এ সময় তাঁরা মিরাজের মাথায় আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়।খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুই পক্ষের কর্মীরাই রড ও লাঠি নিয়ে একে অপরকে ধাওয়া করেন। পরে হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে সালমান প্রধান বলেন, ‘মিরাজ শুধু আমার কর্মী বলেই সাধারণ সম্পাদকের ছেলেরা তাকে মারধর করেছে।’মোতাহার হোসেন বলেন, জ্যাষ্ঠ কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সবাই মিলে বিষয়টির সমাধান করা হয়েছে।হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে মারামারির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন। হল কর্তৃপক্ষ জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।