জিয়া হলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের জিয়া হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, বিভিন্ন উপলক্ষে চলে মেলা। ছবিটি ১২ জুলাই তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জ শহরের জিয়া হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, বিভিন্ন উপলক্ষে চলে মেলা। ছবিটি ১২ জুলাই তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড়ে অবস্থিত শহীদ জিয়া হলের জায়গায় বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ভবনটি নির্মিত হলে এটিই হবে জেলার সংস্কৃতি ও বিনোদনের প্রধান কেন্দ্রবিন্দু।

শিগগিরই জেলা প্রশাসক কমিটির আলোচনা সভা হবে। সেখানে ভবনটির নির্মাণ প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া গত বুধবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৬৩ সালে সন্তোষ কুমার রায় চৌধুরী গং তৎকালীন মহকুমা প্রশাসক এস এ সাত্তারের নামে নারায়ণগঞ্জ টাউন হলের জমির দলিল করে দেন। দলিল অনুযায়ী জমির পরিমাণ ৫৯ শতাংশ। পরবর্তী সময়ে এর নামকরণ করা হয় শহীদ জিয়া হল। জেলা প্রশাসক কমিটির মাধ্যমেই এটি পরিচালিত হয়। ভবনটির দেখভালের দায়িত্বও জেলা প্রশাসকের। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এটি জীর্ণ অবস্থায় ছিল। পরে কয়েকবার এটি ভেঙে নতুনভাবে করার পরিকল্পনা করা হয়। পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে জেলা প্রশাসক এই দরপত্র আহ্বান করতে পারবেন কি না, সে বিষয়ে জটিলতা তৈরি হয়। এরপর সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

গত এক দশকে বিভিন্ন সময় নারায়ণগঞ্জে দায়িত্বরত কয়েকজন জেলা প্রশাসক জিয়া হলের সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু নানা জটিলতায় হলটির আর সংস্কার করা হয়নি। প্রায় তিন বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় আছে।

জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, যেহেতু চাষাঢ়া মোড় শহরের খুব গুরুত্বপূর্ণ জায়গা, তাই সেখানে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা চলছে। ভবনটি ২১ বা ২৪ তলা করার পরিকল্পনা আছে। বিশ্বের অন্যান্য দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য তৈরি ভবনের মতো দৃষ্টিনন্দন করে এ ভবনটিকে গড়ে তোলা হবে।

জিয়া হলের বর্তমান অবস্থা

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জিয়া হলের চারপাশে বস্ত্রমেলা চলছে। প্রবেশমুখসহ সবকিছু তালাবদ্ধ। ময়লা পানিতে নিচতলা ডুবে আছে। বেশ কয়েকটি কক্ষের জানালার কাচ ও দরজা ভাঙা। পুরো ভবন জরাজীর্ণ। মেলায় অংশগ্রহণকারী দুজন দোকানদার জানান, হলটি কয়েক বছর ধরে পরিত্যক্ত। কেউ সেখানে যায় না। মাঝে মাঝে হলের সামনে মেলার জন্য দোকান বরাদ্দ দেওয়া হয়। এখানে প্রায় এক মাস ধরে চলছে বস্ত্রমেলা।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, জিয়া হল সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কখনোই উন্মুক্ত ছিল না। হলটি নির্মিত হওয়ার পর থেকে সব সময়ই এটা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে ছিল। এখানে সারা বছরই নানা রকম মেলা বসে। 

জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী ভবনটিতে থাকবে দুই হাজারের বেশি মানুষের ধারণক্ষমতাসম্পন্ন সম্মেলনকক্ষ। বিভিন্ন অনুষ্ঠানের জন্য থাকবে কমিউনিটি হল। ভবনের নিজস্ব আয়ের জন্য থাকবে তিনতলা শপিং মল। ভবনের অর্থায়নের বিষয়ে জেলা প্রশাসক বলেন, পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) মাধ্যমে অর্থায়নের জন্য পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো সংস্থা, যারা সরকারের গুরুত্বপূর্ণ কাজ করছে, তাদের এই ভবন নির্মাণের সঙ্গে সম্পৃক্ত করা যায় কি না, তা নিয়েও সভায় সিদ্ধান্ত হবে।

নতুন ভবন নির্মিত হলে সেটি সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হবে, এমন পরিকল্পনার বিষয়ে রফিউর রাব্বি বলেন, সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ঘোষণা দিয়ে হয় না। যদি সামগ্রিকভাবে ওই বাস্তবতা তৈরি হয় তবেই এটা সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হবে। তিনি বলেন, এটা নির্মিত হলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত করতে হবে। সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য ছাড় থাকতে হবে। ব্যবসায়ীরা যে টাকা দেবেন সেটা সাংস্কৃতিক সংগঠনের জন্য দেওয়া সম্ভব নয়। তাই তাদের জন্য আলাদা ছাড় থাকতে হবে।